Thursday, 6 February 2014

রাতের শেষে সাজিয়ে রাখি - কানন বীথিকা


  ‘নূতন বাংলা রেকর্ড’

     হিজ মাস্টার্স ভয়েস (নভেম্বর, ১৯৩৪)



কুমারী যূথিকা রায়


বিজন বনে কত মুকুল শোভায়-সৌরভে আপনি ফুটে ওঠে, অথচ লোকে তার কথা জানতে পায় না। তেমনি দুটি ফুল এবার আমরা আপনাদের উপহার দিলাম। এই ফুল দুটি কুমারী যূথিকার দুটি গান। কুমারী যূথিকার গানের সঙ্গে আপনাদের এই প্রথম পরিচয়, কিন্তু মনে হবে যেন ভোরের আধোঘুমে আধোস্বপ্নে এই গান কতদিন মনের দুয়ারে বেজেছে। এমনি তাঁর কন্ঠের গান। তাঁর স্বভাব-সুন্দর সুর যেন গিরিনির্ঝরিণীর জলধারার মত আপনি উৎসারিত হয়ে ওঠে, দূর থেকে ভেসে আসা সানায়ের মতই ঘুমন্ত মনকে জাগিয়ে তোলে। রেকর্ডে গায়িকার গান এই প্রথম। এবারে তিনি ভোরের যূথিকা আর সাঁঝের তারকার গান শুনিয়েছেন। প্রভাতের অরুণ যে যূথিকার বন্ধু, আকাশের যে সন্ধ্যাতারা মাটীর প্রদীপ হয়ে তুলসীতলায় নেমে এসেছে, এই দুটি গানে তাদেরি মর্ম্মকথা মর্ম্মরিত হয়ে উঠেছে। নবীনের মধ্যেই সুন্দরের আবির্ভাব, নূতন কন্ঠে নূতন গান কত সুন্দর হয়েছে, আপনাদের তা শুনতে অনুরোধ করি। 

রেকর্ড সংখ্যা – N 7297
গান – আমি ভোরের যূথিকা
গীতিকার – প্রণব রায়
সুরকার – কমল দাশগুপ্ত
শিল্পী – কুমারী যূথিকা রায়




আমি ভোরের যূথিকা।
রাতের শেষে সাজিয়ে রাখি,
কানন বীথিকা।
কে যেন গো হাওয়ার সনে,
ডাক দিয়েছে আমার মনে।
আকাশে আজ কে পাঠাল,
আলোর গীতিকা।
বন্ধু আমার আসবে জানি,
সোনার অরুণ রথে।
বরণ তারে করতে,
ফুলের আলপনারি পথে।
শিশিরজলে গাহন করি,
শুভ্রশুচি বসন পরি,
জ্বালিয়ে রাখি সারা সকাল,
গন্ধধূপের শিখা।




 রেকর্ড সংখ্যা – N 7297
গান – সাঁঝের তারকা আমি
গীতিকার – প্রণব রায়
সুরকার – কমল দাশগুপ্ত
শিল্পী – কুমারী যূথিকা রায়



সাঁঝের তারকা আমি পথ হারায়ে,
এসেছি ভুলে।
মাটীর প্রদীপ হয়ে তুলসীমূলে,
এসেছি ভুলে।
পল্লীবধূ আমি স্নিগ্ধআঁখি,
অস্তরবিরে নিতি পিছনে ডাকি।
আলোর কুসুম আমি অন্ধকারে,
আকুল চুলে এসেছি ভুলে।
আমি নীল আকাশের গোপন কথা,
সন্ধ্যরাণীর কানে শুনায়েছি,
চুপে চুপে সেই বারতা।
দেবতার পদতলে আমি প্রণতি,
শঙ্কিত মরমের ভিরু মিনতি।
চঞ্চল সমীরন আষাঢ়সম,
উঠি গো দুলে এসেছি ভুলে।



বিদায়... ভোরের যূথিকা!